প্রধানমন্ত্রীর নামে ১৩৭ ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত

৮০০ ফেসবুক ও শতাধিক এক্স অ্যাকাউন্ট চিহ্নিত, অপপ্রচার ঠেকাতে সক্রিয় বাংলাফ্যাক্ট।

টুইট প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালিত ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। একই সঙ্গে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৮০০টির বেশি ফেসবুক অ্যাকাউন্ট এবং ১০০টির বেশি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে।

এ ছাড়া সংবাদপত্র ও টেলিভিশন প্রতিষ্ঠানের অনুকরণে অপতথ্য ও প্রচারণা ছড়ানো ১৯টি ওয়েবসাইটও শনাক্ত করেছে পিআইবির ফ্যাক্ট যাচাই কার্যক্রম ‘বাংলাফ্যাক্ট’।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শিরিন সুলতানার লিখিত প্রশ্নের জবাবে এসব তথ্য জানানো হয়। তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থের পক্ষে সংসদে উত্তর দেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

সংসদে দেওয়া তথ্যানুযায়ী, অপপ্রচার, কুৎসা ও বিভ্রান্তিকর সংবাদ মোকাবিলায় বাংলাফ্যাক্ট এ পর্যন্ত ১ হাজার ১৭২টি তথ্য যাচাই, বিশ্লেষণ, অনুসন্ধানী প্রতিবেদন এবং ভিডিও বা রিল প্রকাশ করেছে। এর মধ্যে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর প্রকাশিত হয়েছে ৫৫২টি প্রতিবেদন।

বর্তমানে প্রতিদিন গড়ে তিন থেকে পাঁচটি দাবির সত্যতা যাচাই করে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি সাংবাদিকদের সহায়তায় শিগগিরই একটি তথ্য যাচাই নির্দেশিকা প্রকাশের পরিকল্পনা রয়েছে।

সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে পিআইবি। ২০২৫-২৬ অর্থবছরে দেশের ৬৪ জেলায় ৯৭টি প্রশিক্ষণ ও কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশ নেন ৪ হাজার ৯৫ জন সাংবাদিক।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে ২২টি প্রশিক্ষণ ও কর্মশালায় ৭১৬ জন সাংবাদিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এ ছাড়া বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর তিন দিনব্যাপী ৪৪টি প্রশিক্ষণে অংশ নিয়েছেন ১ হাজার ৬৯১ জন সাংবাদিক।

প্রশিক্ষণে বহুমাধ্যমভিত্তিক সাংবাদিকতা, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং তথ্য যাচাইয়ের পাশাপাশি গুজব ও বিদ্বেষমূলক প্রচারণা শনাক্ত করার কৌশল শেখানো হচ্ছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনা রয়েছে।

পিআইবির ডিজিটাল কার্যক্রমের অংশ হিসেবে বাংলাফ্যাক্টের ওয়েবসাইটে তথ্য যাচাই, গণমাধ্যম বিশ্লেষণ ও ডিজিটাল সচেতনতা বিষয়ে বিভিন্ন তথ্যচিত্র ও শিক্ষামূলক উপকরণ পাওয়া যাচ্ছে।

এ ছাড়া সাংবাদিকদের উচ্চশিক্ষা ও দক্ষতা বাড়াতে দুই বছর মেয়াদি স্নাতকোত্তর এবং এক বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। দূরশিক্ষণ পদ্ধতিতে চারটি বিষয়ে ই-লার্নিং ও স্বল্পমেয়াদি কোর্সের সুযোগও রয়েছে।

গণমাধ্যমের মানোন্নয়নে গবেষণা কার্যক্রমের পাশাপাশি জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রের পুরোনো সংখ্যা সংরক্ষণ করছে পিআইবি। ২০২৪ সালের ১ জুলাই থেকে ১০টি জাতীয় দৈনিকের পত্রিকা ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণের কাজও চলছে।

সাংবাদিকতা ও গণমাধ্যম নিয়ে গবেষণাগ্রন্থ প্রকাশের ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশে শিকারি সাংবাদিকতা’ এবং ‘শিকারি সাংবাদিকতা : নিশানায় খালেদা জিয়া’ নামে দুটি বই প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া পরিচয়, মিথ্যা তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা শনাক্তে এসব উদ্যোগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। তবে ডিজিটাল মাধ্যমে অপতথ্য প্রতিরোধে তথ্য যাচাইয়ের পাশাপাশি ব্যবহারকারীদের সচেতনতা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যকর পদক্ষেপও জরুরি।