বাগমারায় যুব দিবস ঘিরে জলজ সম্পদ ও পরিবেশ রক্ষার উদ্যোগ

বাগমারায় জাতীয় যুব দিবসে মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান। জলজ সম্পদ সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষায় নানা উদ্যোগ।
বাগমারা প্রতিনিধি (রাজশাহী): জাতীয় যুব দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর বাগমারায় মাছের পোনা অবমুক্ত, বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্না। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা সুজন আলীসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জলজ সম্পদ সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি ও স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা পূরণে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, বায়ুদূষণ কমানো এবং সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার বার্তা দেওয়া হয়।
পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে পরিবেশ দূষণমুক্ত রাখা, জনস্বাস্থ্য সুরক্ষা এবং পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
যুব উন্নয়ন অধিদপ্তরের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এসব কার্যক্রম পরিচালিত হয়। জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য—‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’।







