তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে যোগ দিলেন ডা. জুবাইদা রহমান

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে বর্তমানে তিন দিনের সফরে তুরস্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী।

টুইট ডেস্ক: তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ানের আমন্ত্রণে এক বিশেষ মধ্যাহ্নভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ার বিখ্যাত রেগনাম হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং আমন্ত্রিত বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এই মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছালে বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমানকে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে স্বাগত জানান তুরস্কের ফার্স্ট লেডি এমিন এরদোয়ান। এ সময় দুই দেশের ফার্স্ট লেডির মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও আন্তরিক আলোচনা অনুষ্ঠিত হয়।

মধ্যাহ্নভোজে অংশ নেওয়া বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণী এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিদের সঙ্গেও ডা. জুবাইদা রহমান কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।

উল্লেখ্য, জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১)-এ যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় অবস্থান করছেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ডা. জুবাইদা রহমানও এই সফরে রয়েছেন।