হাওরে ডাকাতি-খুনের ১৭ মামলার আসামি গ্রেপ্তার

দীর্ঘদিন ধরে অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ, পরিত্যক্ত স্থাপনা থেকে গ্রেপ্তার হযরত আলী।

টুইট প্রতিবেদক: কিশোরগঞ্জের হাওরাঞ্চলে নৌডাকাতি, খুন, চুরি ও অপহরণসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে হযরত আলী (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অপরাধে মোট ১৭টি মামলা রয়েছে। জেলা পুলিশের তালিকায় তিনি মোস্ট ওয়ান্টেড আসামি।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা আড়াইটার দিকে ইটনা উপজেলার এলংজুরি ইউনিয়নের কাকটেঙ্গুর গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। হযরত আলী মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের সোনাপুর গ্রামের মৃত মগল মিয়ার ছেলে।

পুলিশের তথ্য অনুযায়ী, হযরত আলী আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। হাওরাঞ্চলে নৌডাকাতি, চুরি ও ডাকাতির বিভিন্ন ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ রয়েছে। ইটনা ও মিঠামইন থানায় তাঁর বিরুদ্ধে খুন ও ডাকাতিসহ মোট ১৭টি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে ইটনা উপজেলার ছিলনী সেতু এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় ইটনা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে হযরত আলী পাশের কাকটেঙ্গুর গ্রামের দিকে পালিয়ে আত্মগোপন করেন।

পরে তাঁকে গ্রেপ্তারে রাতভর গ্রামটিতে অভিযান চালানো হলেও প্রথম দফায় সফল হয়নি পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় অভিযান শুরু হয়। একপর্যায়ে বেলা আড়াইটার দিকে গ্রামের একটি পরিত্যক্ত স্থাপনা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ খান জানান, গত বর্ষা মৌসুমে হাওরে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় হযরত আলী নেতৃত্ব দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে গ্রেপ্তারে পুলিশ একাধিকবার অভিযান চালালেও তিনি কৌশলে পালিয়ে যাচ্ছিলেন। এবার সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অভিযানে নেতৃত্ব দেন ওসি মোহাম্মদ হাবিবুল্লাহ খান। এ সময় পুলিশের কয়েকজন উপপরিদর্শক ও সহকারী উপপরিদর্শকসহ ইটনা থানা পুলিশের একটি দল অংশ নেয়।