আইজিপির সঙ্গে আমিরাতের রাষ্ট্রদূতের বৈঠক

প্রবাসীদের নিরাপত্তা, মানবপাচার ও সাইবার অপরাধ দমনে সহযোগিতা জোরদারের আলোচনা।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে পুলিশ ও নিরাপত্তা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলী খাসেইফ আলহামুদী।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পুলিশ সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

বিশেষ গুরুত্ব পায় সংযুক্ত আরব আমিরাতে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি। পাশাপাশি মানবপাচার ও ভিসা জালিয়াতি প্রতিরোধে দুই দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।

এ ছাড়া মানি লন্ডারিং প্রতিরোধ, সাইবার অপরাধ মোকাবিলা, ডিজিটাল ফরেনসিক তদন্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট পুলিশিং কার্যক্রমে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়। এসব ক্ষেত্রে প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয়টিও আলোচনায় উঠে আসে।

সাক্ষাতে আইজিপি মো. আলী হোসেন ফকির আন্তদেশীয় অপরাধ দমন এবং সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশটির সঙ্গে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।