বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপ স্থগিত

শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন ঘিরে নতুন টানাপোড়েন, ১৭-১৮ নভেম্বর ঢাকায় বৈঠক হওয়ার কথা ছিল।

টুইট প্রতিবেদক: বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠেয় পঞ্চম দফার কনস্যুলার সংলাপ স্থগিত করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক পর্যায়ে এ সংলাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, দুই দেশের মধ্যে সাম্প্রতিক কিছু বিষয়ে টানাপোড়েনের প্রেক্ষাপটে বৈঠকটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদনকে কেন্দ্র করে নতুন করে এই অস্বস্তি তৈরি হয়েছে বলে সূত্র জানিয়েছে।

পঞ্চম দফার সংলাপে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা কার্যক্রম, দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবাসন, জেলেদের মুক্তি ও দেশে ফেরত পাঠানো এবং পারস্পরিক আইনি সহযোগিতাসহ দ্বিপক্ষীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য নির্ধারিত ছিল।

বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৭ সালে কনস্যুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখন পর্যন্ত দুই দেশের মধ্যে চার দফা সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ ২০২৪ সালের মে মাসে ভারতের নয়াদিল্লিতে চতুর্থ দফার সংলাপ অনুষ্ঠিত হয়।

পঞ্চম দফার সংলাপ স্থগিত হওয়ায় দুই দেশের কনস্যুলার সহযোগিতা ও নির্ধারিত দ্বিপক্ষীয় বিষয়গুলোর আলোচনা আপাতত পিছিয়ে গেল।