খাঁচায় ফিরতে হবে, পাসপোর্ট নয়: আসিফ মাহমুদ

শেখ হাসিনার নতুন পাসপোর্ট আবেদনে ফেসবুক পোস্ট; রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা

টুইট ডেস্ক: ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আবেদনের খবর প্রকাশের পর তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, **“পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।”**

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন। ২০২৪ সালে দেশত্যাগের পর বাংলাদেশের কূটনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক যোগাযোগ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছেন। এ-সংক্রান্ত আবেদনটি লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স-এর আইনজীবীরা বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠান।

আসিফ মাহমুদের সংক্ষিপ্ত মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার জন্ম দেয়। তবে এ বিষয়ে শেখ হাসিনা বা তার আইনজীবীদের পক্ষ থেকে আসিফ মাহমুদের বক্তব্যের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। সম্প্রতি তার দেশে ফেরার সম্ভাবনা এবং নতুন পাসপোর্টের আবেদনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।