বিদ্যুৎ-গ্যাস সংকট নিয়ে ব্যঙ্গাত্মক গান, আম্মারের প্রতিবাদ

ভুতুড়ে বিল, লোডশেডিং ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে গানের সুরে সরকারের সমালোচনা।
টুইট প্রতিবেদক: দেশে বিদ্যুৎ ও গ্যাসের সংকট, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ব্যঙ্গাত্মক গান গেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আম্মার। গানের মাধ্যমে তিনি বিদ্যুৎ সরবরাহের পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করেন।
রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের চকবাজার থানার প্যারেড ময়দানে ইনকিলাব মঞ্চ আয়োজিত ‘মেহফিল-এ-ইনকিলাব’ অনুষ্ঠানে তিনি এ প্রতিবাদ জানান।
গানে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের ভুতুড়ে বিল ও ঘন ঘন লোডশেডিংয়ের বিষয়গুলো তুলে ধরেন আম্মার। এ সময় সরকারের সমালোচনা করে তিনি গানের সুরে বলেন, ‘মন্ত্রীর মুখে বিদ্যুৎ থাকে আর থাকে তারে, ভুতুড়ে বিল দিয়ে লোডশেডিং বাড়ে।’
বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতি নিয়ে ব্যঙ্গ করে তিনি আরও বলেন, ‘আমরা বিদ্যুৎ দুই জায়গায় পাই। একটা হচ্ছে বিদ্যুৎমন্ত্রী টুকু সাহেবের মুখে, আরেকটা কারেন্টের তারে।’
অনুষ্ঠানে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনগুলো আঞ্চলিক গান পরিবেশন করে। সাংস্কৃতিক আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান এবং আঞ্চলিক সংস্কৃতি ও সংগীত সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বিভিন্ন পর্যায়ে স্লোগান দেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত মেয়র পদপ্রার্থী ও দলটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অভিনেতা আসাদুজ্জামান আসাদ এবং ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় সদস্যসচিব ফাতিমা তাসনিম জুমাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।






