ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করলেন সেনাপ্রধান

নদীপথে বিশেষায়িত অভিযান পরিচালনায় সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে নতুন প্রশিক্ষণ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক: নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে বিশেষায়িত অভিযান পরিচালনায় সক্ষমতা বাড়াতে ঢাকার অদূরে ইকুরিয়ায় রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন।

বাংলাদেশের বিস্তৃত নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে রিভারাইন অপারেশন পরিচালনায় সেনাবাহিনীর বিশেষায়িত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছে। এতে আধুনিক শ্রেণিকক্ষ, সিমুলেটর রুমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ-সুবিধা রাখা হয়েছে।

এখানে রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা ও মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলার পাশাপাশি সেনাবাহিনীর অভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি আরও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ার ইন চিফসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।