কপ সম্মেলনে এরদোয়ানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা প্রধানমন্ত্রীর

তুরস্ক সফরে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক; জলবায়ু অর্থায়ন ও দ্বিপাক্ষিক সহযোগিতা থাকবে আলোচনায়
টুইট ডেস্ক: বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-৩১) উপলক্ষে তুরস্ক সফরকালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা রয়েছে। একই সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট, চীনের উপ-রাষ্ট্রপতি, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
তিনি বলেন, তুরস্ক সফরকে ঘিরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকের প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে সম্ভাব্য বৈঠকে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
সামরিক সহযোগিতা, অর্থনৈতিক অঞ্চল এবং সম্ভাব্য বিনিয়োগ নিয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বলেন, এসব বিষয় আলোচনার অংশ হতে পারে। তবে প্রতিরক্ষা সহযোগিতা, ড্রোন প্রযুক্তি কিংবা সম্ভাব্য শিল্প স্থাপনের মতো নির্দিষ্ট বিষয় নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তা পরবর্তী সময়ে জানানো হবে।
তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে বিমান চলাচল ও গ্রাউন্ড হ্যান্ডলিং সহযোগিতা প্রসঙ্গে তিনি বলেন, এটি মূলত একটি আন্তর্জাতিক সম্মেলনকে কেন্দ্র করে অনুষ্ঠিত সফর। তাই বৈঠকগুলো সৌজন্যমূলক হলেও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হবে।
জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তর প্রসঙ্গে পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জলবায়ু ন্যায্যতার দাবি জানিয়ে আসছে। উন্নত দেশগুলোর পূর্বের প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জলবায়ু ক্ষতিপূরণ নিশ্চিত করতে কপ-৩১ সম্মেলনেও বাংলাদেশ জোরালো অবস্থান তুলে ধরবে।
উল্লেখ্য, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১০ থেকে ১২ নভেম্বর তুরস্ক সফর করবেন। সফরকে ঘিরে জলবায়ু কূটনীতির পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক, উন্নয়ন ও কৌশলগত সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও একাধিক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






