অপরাধ দমনে বাংলাদেশ-সিঙ্গাপুর পুলিশের সহযোগিতার আশ্বাস

অর্থপাচার ও সাইবার অপরাধ মোকাবিলায় যৌথ তদন্ত, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার ওপর গুরুত্ব
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও সিঙ্গাপুরের পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। অর্থপাচার ও সাইবার অপরাধ মোকাবিলায় যৌথ তদন্ত, প্রশিক্ষণ ও কারিগরি সহায়তার ওপর গুরুত্ব হয়েছে বলে জানা গেছে।
সোমবার (৯ নভেম্বর) পুলিশ হেডকোয়ার্টার্সে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং।
বৈঠকে অর্থপাচার ও আন্তঃদেশীয় অপরাধ প্রতিরোধে যৌথ তদন্তের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি শনাক্তকরণ এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্ব পায়।
এ ছাড়া আধুনিক গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, সংকট ব্যবস্থাপনা, সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ মোকাবিলায় যৌথ গোয়েন্দা নজরদারি জোরদারের বিষয়ে মতবিনিময় করেন তাঁরা।
আইজিপি সিঙ্গাপুর পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করার গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময় বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






