ঢাবিতে ককটেল বিস্ফোরণ: প্রশাসনের পদক্ষেপ দাবি ছাত্রশক্তির

শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর উদ্যোগ দাবি, ব্যর্থ হলে পদত্যাগের হুঁশিয়ারি।
টুইট ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও শিক্ষার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগকে দায়ী করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
রোববার (৮ নভেম্বর) ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের আগে সংগঠনটির নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।
জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক ফেরদৌস আইয়াম (রাইয়ান) বলেন, প্রশাসন যদি ক্যাম্পাসে ছাত্রলীগের তৎপরতা প্রতিরোধে ব্যর্থ হয়, তাহলে তাদের দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার নেই। শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে প্রশাসনের উচিত দায়িত্ব ছেড়ে দেওয়া।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক জহির রায়হান রিপন বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে প্রক্টরিয়াল দলসহ বিশ্ববিদ্যালয়ের পুরো প্রশাসনের পদত্যাগের দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে জাতীয় ছাত্রশক্তি।
বিক্ষোভকারীরা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের মধ্যে জাতীয় ছাত্রশক্তির এই বিক্ষোভ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ওপর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের চাপ আরও বাড়িয়েছে।






