খুলনায় অস্ত্রসহ নূর আজিম বাহিনীর ৬ সদস্য গ্রেপ্তার

টুটপাড়ায় পুলিশের বিশেষ অভিযান, বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার।
টুইট প্রতিবেদক: খুলনা মহানগরীর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার পর টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।
পুলিশ জানায়, অভিযানের প্রথম পর্যায়ে টুটপাড়া এলাকার মকবুল শেখের বাড়ি থেকে নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সবুজ শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঘর থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই তথ্যের সূত্র ধরে বাহিনীর অন্য পাঁচ সদস্যকেও গ্রেপ্তার করা হয়।
ওসি মো. লোকমান হোসেন রিপন জানান, গ্রেপ্তার সবুজ শেখের বিরুদ্ধে টুটপাড়া গাছতলা এলাকার একটি মুদি দোকান এবং কলেজ প্রভাষক আকাশ কুণ্ডুকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ রয়েছে। এ ছাড়া ব্র্যাক এনজিওর কাছে চাঁদা দাবির অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।






