‘৯৬-এর মতো আ.লীগ-জামায়াত দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে: রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের সময় ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ; জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ১৯৯৬ সালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে তুলনা করে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে এগিয়ে নিতে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছেন, তখন দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তাঁর অভিযোগ, ভারতে অবস্থান করে শেখ হাসিনা এই ষড়যন্ত্রের সূচনা করেছেন এবং বাংলাদেশে থেকে জামায়াতে ইসলামী তাতে যুক্ত হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে তাঁর পাশে থেকে কাজ করতে হবে।
সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে রাশেদ খাঁন বলেন, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, বৃক্ষরোপণ এবং খাল-নদী খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জুলাই জাতীয় সনদও ধাপে ধাপে বাস্তবায়নের কাজ চলছে বলে তিনি উল্লেখ করেন।
অতীতের রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, যারা একসময় জনগণের ওপর গুম, খুন ও ক্রসফায়ারের মতো নির্যাতন চালিয়েছে, তাদের রাজনৈতিক শক্তিগুলো এখন এক জায়গায় আসছে।
রাশেদ খাঁন বলেন, ‘৯৬-এর মতো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।’
তিনি আরও বলেন, দেশের জনগণকে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে।






