বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে লেখা গান

চট্টগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের প্রচারণায় ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান, ছড়িয়ে পড়েছে ভিডিও

টুইট ডেস্ক: চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে বেজে উঠেছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের উদ্যোগ নেয় নগর বিএনপি। সকাল থেকে নগরের আগ্রাবাদ এলাকায়ও চলছিল এ প্রচারণা। একপর্যায়ে মাইকে বেজে ওঠে শেখ হাসিনাকে নিয়ে লেখা গানটি।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে মাইকে গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা ও সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছে।

চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) শওকত আজম খাজা জানান, দিবসটি উপলক্ষে বিভিন্ন এলাকায় দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তাঁর নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, বিষয়টি পুলিশের নজরে আসার পর ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলা হয়েছে। আয়োজকেরা জানিয়েছেন, ইউটিউব থেকে একের পর এক গান বাজানোর সময় অসতর্কতাবশত গানটি বেজে ওঠে। পরে দ্রুত তা বন্ধ করে দেওয়া হয়। তাঁদের দাবি, ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি।