শেনজেনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করল চীন বিএনপি

জাতীয় ঐক্য, সংহতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার ওপর গুরুত্বারোপ; সরাসরি ও ভার্চুয়ালি অংশ নেন নেতাকর্মীরা
বিশ্ব ডেস্ক: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চীনের শেনজেন শহরে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চীন শাখা।
শনিবার (৭ নভেম্বর) স্থানীয় সময় শেনজেনের কারি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়। এতে চীন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সরাসরি অংশ নেন। পাশাপাশি চীনের বিভিন্ন স্থানে অবস্থানরত সংগঠনের নেতাকর্মীরা ভার্চুয়ালি যুক্ত হন।
সাবেক ছাত্রনেতা মো. ওয়ালী উল্লাহর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন সাখাওয়াত হোসাইন কানন।
আলোচনা সভায় বক্তব্য দেন চীন বিএনপির জ্যেষ্ঠ নেতা শেখ মাহবুবুর রশীদ, মো. মনিরুল ইসলাম কবির, হাসমত আলী মৃধা জেমস, মোহাম্মদ রোমান, শাফিউল্লাহ, আব্দুস সালাম, সিয়াম আহমেদ, আকিদুল ইসলাম, আবির আহমেদ, মো. রাসেল আহমেদ, রেদওয়ান আহমেদ, আব্দুর রহিম ও রাশিদুল ইসলাম ফোজায়েলসহ সংগঠনের অন্যান্য নেতারা। এ ছাড়া এস এম আল আমিন, সাহেল আহম্মেদ সাহিল ও হিমেল হিমুসহ অনেকে ভার্চুয়ালি সভায় অংশ নেন।
সভায় বক্তারা ৭ নভেম্বরকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে সুখী, সমৃদ্ধ, উদার, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরেন। একই সঙ্গে চীনে অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের মধ্যে যোগাযোগ, সৌহার্দ্য ও সাংগঠনিক ঐক্য আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন তাঁরা।
উল্লেখ্য, বিএনপি প্রতিবছর ৭ নভেম্বরকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে এবারও চীন বিএনপির উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।







