রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ভারতীয় মদ, সিরাপ ও ট্যাপেনটাডলসহ মাদক জব্দ।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তের পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মাদকের মধ্যে রয়েছে ৫০ বোতল ভারতীয় জেডি মদ, ২০০ বোতল ফেয়ারডিল (Fairdyl) সিরাপ ও ২৯৯ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট।
শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ ইউসুফপুর, প্রেমতলী ও খিদিরপুর বিওপির আভিযানিক দল পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী সীমান্ত দিয়ে চোরাচালান, মাদক পাচার ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করা হয়েছে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।






