মুজিব-হাসিনার জন্মভূমিতে দাঁড়িয়ে সাত দফা দাবি আদায়ের ঘোষণা জামায়াত আমিরের

গোপালগঞ্জের কাশিয়ানীতে লংমার্চের পথসভায় ডা. শফিকুর রহমানের প্রতিশ্রুতি, ‘দাবি আদায়ে আমরা অনড়’

টুইট ডেস্ক:শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার জন্মস্থান গোপালগঞ্জে দাঁড়িয়ে ১১ দলীয় ঐক্যের সাত দফা দাবি আদায়ে অনড় থাকার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

‘ঢাকা-খুলনা-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ’-এর অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে আয়োজিত পথসভায় তিনি এ প্রতিশ্রুতি দেন।

লংমার্চের বহর ভাটিয়াপাড়া মোড়ে পৌঁছালে হাজার হাজার নারী-পুরুষ অংশগ্রহণকারীদের স্বাগত জানান। এ সময় জনতার উচ্ছ্বাসের প্রতি সম্মান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, ১১ দলের সাত দফা দাবি আদায়ে তাঁরা অনড় থাকবেন।

পথসভা শেষে লংমার্চের বহর খুলনার উদ্দেশে যাত্রা করে। সেখানে খুলনা মহানগরীর বাবরী চত্বর এবং ফুলতলার বাসস্ট্যান্ডের স্বাধীনতা চত্বরে আয়োজিত পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর লংমার্চটি যশোরের মুড়লীর মোড় ও ঝিনাইদহ বাস টার্মিনালের পথসভায় যোগ দেবে। সবশেষে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।

লংমার্চের নির্ধারিত পথের বিভিন্ন স্থানে আয়োজিত গণজমায়েতে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ অন্য নেতারা বক্তব্য দেবেন। এ ছাড়া সড়কের দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় নেতাকর্মীরা লংমার্চের বহরকে অভিবাদন জানান।

এর আগে সকাল ১০টায় শরীয়তপুরের নাওডোবায় একটি পথসভায় অংশ নেয় লংমার্চের বহর। তারও আগে সকাল ৭টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ১১ দলীয় ঐক্যের এই কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে গত ৫ সেপ্টেম্বর চট্টগ্রাম অভিমুখে প্রথম এবং ১৯ সেপ্টেম্বর রংপুর অভিমুখে দ্বিতীয় লংমার্চ কর্মসূচি পালন করে ১১ দল।