স্লোভেনিয়ায় ২০ বাংলাদেশিসহ আটক ১৪৭ অভিবাসী

১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত দুই পুলিশ স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে চলছে আইনি প্রক্রিয়া।
টুইট প্রতিবেদক: ইউরোপের দেশ স্লোভেনিয়ায় অনিয়মিতভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশিসহ ১৪৭ জন অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ। গত ১৬ থেকে ১৯ অক্টোবরের মধ্যে ব্রেজিসে ও চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা বিভিন্ন দেশের নাগরিক। তাঁদের বিরুদ্ধে পুলিশের তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশ জানায়, ব্রেজিসে পুলিশ স্টেশন এলাকার ওব্রেজে, দোবোভা, রিগোনৎসে, ভেলিকি ওব্রেজ, কাপেলে ও লোচে অঞ্চলে অভিযান চালিয়ে ৮১ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে সাতজন বাংলাদেশি রয়েছেন। এ ছাড়া আটক ব্যক্তিদের মধ্যে ২৯ জন আফগানিস্তানের, ১২ জন মিসরের, ১০ জন পাকিস্তানের, পাঁচজন সুদানের, চারজন নেপালের, চারজন ইরাকের, দুজন আলজেরিয়ার, দুজন জর্ডানের, দুজন ইয়েমেনের, দুজন সোমালিয়ার এবং একজন করে মরক্কো ও ফিলিস্তিনের নাগরিক।
অন্যদিকে, চেরনোমেলজ পুলিশ স্টেশন এলাকার ভিনিৎসা, পোদক্লানেত্স, মারিন্দোল, রাস্ট প্রি ভিনিৎসি, বোইয়ানৎসি ও বালকোভৎসি অঞ্চলে অভিযান চালিয়ে আরও ৬৬ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১৩ জন বাংলাদেশি। এ ছাড়া ১৯ জন সুদানের, ১৮ জন আফগানিস্তানের, ১৫ জন পাকিস্তানের এবং একজন নেপালের নাগরিক রয়েছেন।
দুই দফা অভিযানে সব মিলিয়ে ২০ জন বাংলাদেশি আটক হয়েছেন। আটক অভিবাসীদের বিষয়ে তদন্ত ও আইনি কার্যক্রম এখনো শেষ হয়নি।
এদিকে ইউরোপীয় সীমান্ত ও উপকূলরক্ষী সংস্থা ফ্রন্টেক্সের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে ১২ হাজার ৫০০ জনের বেশি মানুষ বলকান অভিবাসনপথ ব্যবহার করেছেন। ২০২৪ সালের তুলনায় এই সংখ্যা ৪২ শতাংশ কম।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস।






