নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না তেহরান। সামরিক সক্ষমতা বাড়ানো ও দুর্বলতা কাটিয়ে ওঠার দাবি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির।

টুইট প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের ওপর আবারও হামলা হতে পারে বলে তারা মনে করছেন। তবে নতুন করে যুদ্ধ শুরু হলে তা মোকাবিলায় ইরান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাঘচি বলেন, যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যেকোনো পরিস্থিতির জন্য ইরান প্রস্তুতি নিয়েছে। সামরিক অস্ত্রের উন্নয়ন, নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠা এবং নতুন অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দেশটির সেনাবাহিনীও সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে।

যুক্তরাষ্ট্রের আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞার প্রভাব ইরানের অর্থনীতিতে পড়ছে বলে স্বীকার করেছেন আরাঘচি। তবে অর্থনৈতিক চাপের মুখেও যুক্তরাষ্ট্রের কাছে আত্মসমর্পণ করবে না তেহরান বলে স্পষ্ট জানিয়েছেন তিনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিজেদের অবস্থানে অটল থেকে প্রতিরোধ অব্যাহত রাখবে ইরান। নিজস্ব সক্ষমতা কাজে লাগিয়েই কঠিন পরিস্থিতি মোকাবিলা করা হবে।

সাক্ষাৎকারে কাতারে ইরানের একটি প্রতিনিধিদলের আলোচনা করার বিষয়টিও তুলে ধরেন আরাঘচি। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলে জানান তিনি। বিভিন্ন সংবাদমাধ্যমে দুই দেশের প্রতিনিধিদের সরাসরি বৈঠকের যে খবর প্রকাশিত হয়েছে, তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হচ্ছে, আগামী ৪ নভেম্বর ইরানে নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি নতুন কোনো হামলা হলে ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা আক্রমণের নির্দেশ দিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।