এনসিপির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলের আভাস, বিলুপ্ত হচ্ছে একাধিক পদ

টুইট ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটি পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কাঠামোয় মুখ্য সমন্বয়ক, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক, যুগ্ম মুখ্য সমন্বয়ক, মুখ্য সংগঠক ও মুখপাত্রের পদ বিলুপ্ত করার পরিকল্পনা রয়েছে। পরিবর্তে আহ্বায়ক, সদস্য সচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিবের পদ বহাল রেখে নেতৃত্বের কাঠামো সাজানো হচ্ছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, পুনর্গঠিত কমিটিতেও আহ্বায়ক পদে নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন দায়িত্বে থাকছেন। নতুন কাঠামোয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন হাসনাত আবদুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আগামী এক থেকে দুই দিনের মধ্যে পুনর্গঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হতে পারে।

দলীয় সূত্র অনুযায়ী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে হাসনাত আবদুল্লাহ ও নাসীরুদ্দীন পাটওয়ারীর নাম আলোচনায় রয়েছে। বর্তমানে হাসনাত দলের দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক এবং নাসীরুদ্দীন মুখ্য সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। পাশাপাশি বিভিন্ন সহযোগী সংগঠনের কার্যক্রম তদারকির দায়িত্বও তাঁদের দেওয়া হতে পারে।

রাজনৈতিক পর্ষদেও আসছে পরিবর্তন

এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের বর্তমান সদস্যসংখ্যা ১৬। পুনর্গঠিত কমিটিতে শীর্ষ নেতৃত্বে থাকা ব্যক্তিদের পাশাপাশি পর্ষদের অন্য সদস্যদেরও যুগ্ম আহ্বায়কের দায়িত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন আবদুল্লাহ আল আমিন, আরিফুল ইসলাম আদীব, ড. আতিকুর রহমান মোজাহিদ, আবদুল হান্নান মাসউদ, আলী আহসান জুনায়েদ, সারোয়ার তুষার, আকরাম হুসাইন, সালেহউদ্দিন সিফাত, ডা. মাহমুদা আলম মিতু ও নুসরাত তাবাসসুম।

‘সুপার সিক্স’ বিতর্কে আপত্তি

এনসিপির নেতৃত্বের কাঠামো নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ‘সুপার ইলেভেন’ থেকে ‘সুপার সিক্স’ হওয়ার আলোচনা এসেছে। তবে দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার এ ধরনের বিভাজনকে বিভ্রান্তিকর বলে উল্লেখ করেছেন।

বুধবার (১৪ অক্টোবর) তিনি বলেন, এনসিপিতে ‘সুপার ইলেভেন’ বা ‘সুপার সিক্স’ বলে কোনো কাঠামো নেই। রাজনৈতিক পর্ষদের ১৬ সদস্যই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ের নেতা। এ বিষয়ে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।

দলটির সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং নেতৃত্বের দায়িত্ব পুনর্বণ্টনের লক্ষ্যেই এই পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে দলীয় সূত্র জানিয়েছে। তবে নতুন কমিটির আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত আলোচিত পদ ও দায়িত্বের বিষয়গুলো চূড়ান্ত নয়।