যুক্তরাষ্ট্রে ছোট বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬

উইসকনসিনে দুর্ঘটনার কারণ অনুসন্ধান চলছে, নিহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ
টুইট ডেস্ক : যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে এক শিশুসহ ছয় আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩১ মিনিটের দিকে অঙ্গরাজ্যটির ডেলোনা শহরে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলটি অঙ্গরাজ্যের রাজধানী ম্যাডিসন থেকে প্রায় ৬৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। সুক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি।
কর্তৃপক্ষ জানায়, পাইপার পিএ-৪৬ মডেলের বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে কাছের একটি বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্রের সঙ্গে যোগাযোগ করেছিল। ওই কথোপকথনের বিষয়বস্তু এবং দুর্ঘটনার সময় আবহাওয়ার কোনো প্রভাব ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
এ ঘটনায় ভূমিতে কোনো অবকাঠামোর ক্ষয়ক্ষতি কিংবা অন্য কারও আহত হওয়ার খবর পাওয়া যায়নি।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে স্থানীয় কর্তৃপক্ষকে সহায়তা করছে যুক্তরাষ্ট্রের ফেডারেল বিমান চলাচল প্রশাসন এবং জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড। তদন্ত শেষে দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যেতে পারে।






