সংসদ সচিবালয়ে ১৬ পদে দ্রুত নিয়োগের সুপারিশ

টুইট ডেস্ক : বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ১৬টি শূন্যপদে দ্রুত নিয়োগের সুপারিশ করেছে সংশ্লিষ্ট কমিটি। একই সঙ্গে তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্যপদে সরাসরি নিয়োগের জন্য আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংসদ সচিবালয়ের জনবল-সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রথম শ্রেণির ১৫টি ও দ্বিতীয় শ্রেণির একটি শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যানের কাছে চিঠি পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

এ ছাড়া আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮৬ জনের নিয়োগসংক্রান্ত বিষয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট পদগুলো সংরক্ষিত রেখে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার সুপারিশ করেছে কমিটি।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় শূন্যপদ পূরণের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের কর্মদক্ষতা মূল্যায়ন এবং দক্ষতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে। এ সময় অন্তর্বর্তী সরকারের ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর গঠিত এ-সংক্রান্ত আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, সেলিম রেজা, মাহবুবুল আলম ও শাম্মী আক্তার। সভাপতির বিশেষ আমন্ত্রণে সভায় অংশ নেন হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।