৫ বারের সাবেক সংসদ সদস্য আব্দুল হাই আর নেই

৭৭ বছর বয়সে ঢাকার হাসপাতালে শেষ নিশ্বাস, মুন্সীগঞ্জের রাজনীতিতে শোকের ছায়া
টুইট ডেস্ক : মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও পাঁচবারের সাবেক সংসদ সদস্য মো. আব্দুল হাই মারা গেছেন। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোরে মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন নিজের ফেসবুক পেজে শোকবার্তা দিয়ে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
শোকবার্তায় কামরুজ্জামান রতন বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হাইয়ের মৃত্যুতে মুন্সীগঞ্জের রাজনৈতিক অঙ্গনে অপূরণীয় ক্ষতি হয়েছে। ঢাকা-৮ ও মুন্সীগঞ্জ-৪ আসন থেকে পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপমন্ত্রী এবং জাতীয় সংসদের প্যানেল স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিন মুন্সীগঞ্জ জেলা বিএনপির নেতৃত্ব দেওয়া আব্দুল হাই স্থানীয় রাজনীতি ও আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।






