বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনেও আজমপুরে শ্রমিকদের অবরোধ

জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন শ্রমিকেরা; সড়কে যান চলাচল ধীর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় পুলিশ।

টুইট প্রতিবেদক: রাজধানীর উত্তরার আজমপুরে বেতন বৃদ্ধির দাবিতে দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁরা সড়কে অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল ধীর হয়ে পড়ে।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বাসাভাড়া, চিকিৎসা ব্যয় এবং সন্তানদের পড়াশোনার খরচ বেড়ে যাওয়ায় বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বেতন বাড়ানোর দাবিতে তাঁরা আন্দোলনে নেমেছেন।

শ্রমিকদের এই আন্দোলনের কারণে আজমপুর এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম বলেন, সড়কে যান চলাচল ধীরগতিতে চলছে। পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হচ্ছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে।