মেক্সিকোর কারাগারে বন্দিদের সংঘর্ষে নিহত ১০

নিহতদের ৯ জনই বন্দি, নিহত আরেকজন অপ্রাপ্তবয়স্ক; পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন নিরাপত্তাকর্মী

টুইট ডেস্ক : মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) কারাগারের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সরকার।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বন্দিদের মধ্যে সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণে এ সংঘর্ষের সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অঙ্গরাজ্যটির জননিরাপত্তা সচিব সিনুহে তেলেজ এক ভিডিও বার্তায় জানান, নিহতদের মধ্যে ৯ জন কারাবন্দি এবং অপরজন একজন অপ্রাপ্তবয়স্ক। ওই কিশোর কারাগারে একজনের সঙ্গে দেখা করতে এসেছিল। সংঘর্ষে আহত ১৬ জনই বন্দি।

ঘটনার পর কারাগারে বিপুলসংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়। পরে তাদের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এএফপির এক প্রতিবেদক ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলের সিনালোয়া অঙ্গরাজ্যটি মাদক পাচারকারী সিনালোয়া কার্টেল এবং এর প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের অন্যতম কেন্দ্র। এসব গোষ্ঠীর বিরোধের কারণে দীর্ঘদিন ধরেই অঞ্চলটির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ রয়েছে।

নিরাপত্তাঝুঁকির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে মার্কিন নাগরিকদের ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। এর মধ্যে সিনালোয়াও রয়েছে।

তবে কারাগারে সংঘটিত এই সংঘর্ষের সঙ্গে মাদক কার্টেলগুলোর অভ্যন্তরীণ বিরোধের সরাসরি কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।