খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৩০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার সহায়তা। বোরো মৌসুমে ক্ষুদ্র কৃষকদের সার সরবরাহ নিশ্চিত করাই প্রকল্পের লক্ষ্য!
নিজস্ব প্রতিবেদক: দেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং বোরো ধান রোপণ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সার সরবরাহ নিশ্চিত করতে বাংলাদেশকে ৩০ কোটি মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে বিশ্বব্যাংক।
সোমবার (৫ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংক গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) মধ্যে অর্থায়ন চুক্তি সই হয়েছে।
‘ইমার্জেন্সি সাপোর্ট ফর ফুড সিকিউরিটি প্রজেক্ট’ বা জরুরি খাদ্য নিরাপত্তা সহায়তা প্রকল্পের আওতায় ২১ কোটি ৯২ লাখ এসডিআর (স্পেশাল ড্রইং রাইট) অর্থায়ন দেওয়া হবে, যা প্রায় ৩০ কোটি মার্কিন ডলারের সমপরিমাণ।
চুক্তিতে বাংলাদেশের পক্ষে ইআরডির সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের পরিচালক জ্যঁ পেম স্বাক্ষর করেন।
প্রকল্পটি ২০২৬ সালের ১ জুলাই থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত এক বছর মেয়াদে বাস্তবায়িত হবে। অর্থ বিভাগের পরিচালনায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সমন্বয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বোরো ধান রোপণের মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তি নিশ্চিত করাই প্রকল্পটির অন্যতম প্রধান লক্ষ্য। এর মাধ্যমে দেশের সার্বিক খাদ্য নিরাপত্তা আরও সুসংহত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
চুক্তির শর্ত অনুযায়ী, উত্তোলিত ঋণের ওপর বার্ষিক ১ দশমিক ৫ শতাংশ সুদ প্রযোজ্য হবে। অনুত্তোলিত অর্থের ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত প্রতিশ্রুতি ফি থাকার কথা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ক্ষেত্রে এ ফি মওকুফ করে আসছে বিশ্বব্যাংক।
ঋণটি পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধ করতে হবে।
কর্মকর্তারা বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান বহুপক্ষীয় উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক দীর্ঘদিন ধরে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সংস্কার, অবকাঠামো ও জ্বালানিসহ বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে।
নতুন অর্থায়ন চুক্তির মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বব্যাংকের দীর্ঘস্থায়ী অংশীদারত্ব আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।






