তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা: বাংলাদেশ ব্যাংক

সেপ্টেম্বর শেষে শ্রেণিকৃত ঋণ ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা

টুইট ডেস্ক : দেশের ব্যাংক খাতে গত তিন মাসে শ্রেণিকৃত ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট শ্রেণিকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকা। জুন শেষে এ পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের মোট বিতরণ করা ঋণের ৩৩ দশমিক ৮৫ শতাংশ শ্রেণিকৃত ঋণে পরিণত হয়েছে। জুন শেষে নিট শ্রেণিকৃত ঋণের হার ছিল ১৫ দশমিক ২২ শতাংশ। সেপ্টেম্বর শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ দশমিক ১২ শতাংশে।

অর্থাৎ ব্যাংক খাতে বিতরণ করা প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৪ টাকা আদায় অনিশ্চয়তার মধ্যে রয়েছে। এতে ব্যাংক খাতের ঋণ আদায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ আরও বাড়ছে।

তবে প্রতিবেদনে মোট খেলাপি ঋণের পরিমাণ ৬ লাখ ৯৭ হাজার কোটি টাকা এবং খেলাপির হার ৩২ দশমিক ১৭ শতাংশ উল্লেখ করা হয়েছে। শ্রেণিকৃত ঋণের পরিমাণ ও খেলাপি ঋণের হারসংক্রান্ত পরিসংখ্যানে এই অসংগতি রয়েছে।