ঘূর্ণিঝড়-বন্যায় নিউইয়র্ক-নিউজার্সিতে জরুরি অবস্থা

প্রবল বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় বিদ্যুৎহীন এক লাখের বেশি স্থাপনা, বাতিল ১ হাজার ১৯৯ উড়োজাহাজের যাত্রা

টুইট ডেস্ক: উত্তর আটলান্টিক মহাসাগরে সৃষ্ট শক্তিশালী উপকূলীয় ঝড়ে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ব্যাপক দুর্যোগ দেখা দিয়েছে। প্রবল বৃষ্টি, ঝোড়ো হাওয়া ও বন্যার কারণে নিউইয়র্ক ও নিউজার্সিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কানেকটিকাট ও পেনসিলভেনিয়াতেও পরিস্থিতির অবনতি হয়েছে।

শুক্রবার ঝড়টি স্থলভাগে আঘাত হানার পর ওয়াশিংটন ডিসি থেকে মেইন অঙ্গরাজ্য পর্যন্ত পূর্ব উপকূলের বিস্তীর্ণ এলাকায় এর প্রভাব পড়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট ও পেনসিলভেনিয়া।

ঝড়ের প্রভাবে চার অঙ্গরাজ্যে ১ লাখ ১৯ হাজারের বেশি বাড়িঘর ও বাণিজ্যিক স্থাপনা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। প্রতিটি অঙ্গরাজ্যেই ২৫ হাজারের বেশি স্থাপনা বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে।

দুর্যোগের প্রভাব পড়েছে আকাশপথেও। ঝোড়ো আবহাওয়ার কারণে পূর্ব উপকূলের ১৪ অঙ্গরাজ্যে ১ হাজার ১৯৯টি উড়োজাহাজের যাত্রা বাতিল হয়েছে। আরও প্রায় ২ হাজার ৪০০ উড়োজাহাজের নির্ধারিত সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা জানিয়েছে, সোমবার পর্যন্ত পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতির সম্ভাবনা নেই। এ সময় মধ্য-আটলান্টিক ও নিউ ইংল্যান্ড অঞ্চলে উপকূলীয় বন্যা, তীব্র দমকা হাওয়া, ভারী বৃষ্টিপাত এবং বিপজ্জনক সাগরস্রোত অব্যাহত থাকতে পারে।

পরিস্থিতি মোকাবিলায় শনিবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল ও নিউজার্সির গভর্নর মিকি শেরিল নিজ নিজ অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেন। কানেকটিকাটের গভর্নর নেড ল্যামন্ট আনুষ্ঠানিকভাবে জরুরি অবস্থা ঘোষণা না করলেও জরুরি কার্যক্রম কেন্দ্র সক্রিয় করেছেন।

নিউইয়র্ক নগরের মেয়র জোহরান মামদানি নগরবাসীকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে বন্যার পানিতে গাড়ি না চালানোর জন্যও সতর্ক করেছেন তিনি।