জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে শাহবাজ শরিফ

২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
টুইট ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে পাকিস্তানের প্রতিনিধিত্ব করতে নিউইয়র্কে পৌঁছেছেন দেশটির প্রধানমন্ত্রী মুহাম্মদ শাহবাজ শরিফ। তাঁর সঙ্গে রয়েছেন উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিনেটর মুহাম্মদ ইসহাক দার এবং বিশেষ সহকারী তারিক ফাতেমি।
আগামী ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন শাহবাজ শরিফ। তাঁর বক্তব্যে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন, সংলাপ, কূটনীতি এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্ব দেওয়ার কথা রয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তথ্য অনুযায়ী, ভাষণে আঞ্চলিক উত্তেজনা কমানো ও শান্তি-স্থিতিশীলতা প্রতিষ্ঠায় পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতামূলক উদ্যোগ তুলে ধরবেন তিনি। পাশাপাশি টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবাদ মোকাবিলা, ইসলামবিদ্বেষ এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জসহ বিভিন্ন ইস্যুতে পাকিস্তানের অগ্রাধিকার তুলে ধরবেন।
এ ছাড়া জম্মু ও কাশ্মীর এবং ফিলিস্তিনের দীর্ঘদিনের সমস্যা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণের কথা রয়েছে। সফরকালে উন্নয়ন, জলবায়ু কার্যক্রমসহ বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিশ্বনেতা ও জাতিসংঘের মহাসচিবের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন শাহবাজ শরিফ।
সূত্র: পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট।






