ভোক্তার পকেট কাটলেই বিপদ: ৩০ জেলায় ভোক্তা অধিদপ্তরের সাঁড়াশি অভিযান

বাজার তদারকিতে ৭২ প্রতিষ্ঠানকে ৭ লাখ ৪৪ হাজার টাকা জরিমানা। ঢাকাসহ দেশের ৩০ জেলায় ৩৮ টিমের অভিযান, মূল্যতালিকা-ওজন ও ভেজাল পণ্যে নজরদারি।
টুইট ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সুরক্ষায় ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা পর্যায়ে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৬ সেপ্টেম্বর)পরিচালিত এ তদারকি কার্যক্রমে ঢাকা মহানগরসহ দেশের ৩০টি জেলায় অধিদপ্তরের ৩৮টি টিম বিভিন্ন বাজার ও ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় মূল্যতালিকা যথাযথভাবে প্রদর্শন, ওজন ও পরিমাপে কারচুপি প্রতিরোধ, মেয়াদোত্তীর্ণ পণ্য ও ওষুধ বিক্রি বন্ধ এবং নকল ও ভেজাল পণ্য উৎপাদন ও বিক্রি প্রতিরোধে বিভিন্ন প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
অভিযানে মোট ৭২টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়েছে।
তদারকির পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বাড়াতে লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভোক্তাদের পণ্য কেনার ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়।
অধিদপ্তরের বাজার তদারকিতে সংশ্লিষ্ট বিভাগ ও জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য পরিদর্শক, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এবং সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিরা সহযোগিতা করেন।
ব্যবসায়ীদের প্রতি অধিদপ্তরের নির্দেশনা
ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে হালনাগাদ ও সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি না করার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে মজুতদারি ও কৃত্রিম সংকট সৃষ্টি থেকে বিরত থাকা, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করা এবং নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। পণ্য ক্রয়-বিক্রয়ের সময় যথাযথ রশিদ প্রদান ও সংরক্ষণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তাদের প্রতি আহ্বান
অধিদপ্তর ভোক্তাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য কিনে কৃত্রিম সংকট সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে। পণ্য কেনার আগে মূল্যতালিকা যাচাই, সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য, উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে পণ্য কেনার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া নির্ধারিত মূল্যের বেশি দাম না দেওয়া এবং প্রতিটি পণ্য কেনার সময় বিক্রেতার কাছ থেকে ক্রয় ভাউচার সংগ্রহ করতে বলা হয়েছে।
পণ্য কিনে প্রতারিত হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।
অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার সুরক্ষা এবং বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।






