যুদ্ধক্ষেত্রের অভিজ্ঞতা বিনিময়, বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সামরিক কর্মসূচির সমাপনী

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের আর্মার-ক্যাভালরির বগুড়ায় সমাপনী। যুদ্ধাভিযানে আর্মার-ক্যাভালরির কৌশল ও বাস্তব অভিজ্ঞতা বিনিময়; অংশগ্রহণকারীদের সনদপত্র বিতরণ।

টুইট ডেস্ক: বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের মধ্যে আর্মার-ক্যাভালরি বিষয়ে বিশেষজ্ঞ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি ‘আর্মার-ক্যাভালরি সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট এক্সচেঞ্জ (SMEE)’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে আয়োজিত সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল হাসনাত আহমেদ, এসপিপি, পিএসসি।

তিনি কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করেন।

ওরেগন ন্যাশনাল গার্ডের সঙ্গে আর্মার-ক্যাভালরি কৌশল বিনিময় বাংলাদেশ সেনাবাহিনীর

গত ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ বিশেষজ্ঞ বিনিময় কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের পাঁচ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এর সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলের ২৫ জন এবং সদর দপ্তর ১১ পদাতিক ডিভিশনের নয়জন সেনাসদস্য অংশগ্রহণ করেন।

কর্মসূচিতে আর্মার-ক্যাভালরির যুদ্ধকৌশল, বিভিন্ন যুদ্ধাভিযানে এর কার্যকর প্রয়োগ এবং সংশ্লিষ্ট সামরিক অভিজ্ঞতা নিয়ে তাত্ত্বিক আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। বিশেষ করে বিভিন্ন অভিযানে আর্মার-ক্যাভালরির যুদ্ধকৌশল বাস্তবায়নের ক্ষেত্রে নিজেদের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন ওরেগন ন্যাশনাল গার্ডের সদস্যরা।

এ ধরনের বিশেষজ্ঞ পর্যায়ের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারী সেনাসদস্যদের মধ্যে আর্মার-ক্যাভালরি যুদ্ধকৌশল সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ওরেগন ন্যাশনাল গার্ডের প্রতিনিধি দলের সদস্য, কর্মসূচিতে অংশ নেওয়া প্রশিক্ষণার্থী এবং আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুল ও ১১ পদাতিক ডিভিশনের বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।