জাতিসংঘের এজেন্ডায় লিঙ্গসমতা, সিমা বাহৌসের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

সিমা বাহৌসের সঙ্গে বৈঠকে লিঙ্গসমতা ও নারী-কন্যাশিশুর ক্ষমতায়নে সহযোগিতা বাড়ানোর প্রত্যয়।
বিশ্ব ডেস্ক: জাতিসংঘে লিঙ্গসমতা ও নারী-কন্যাশিশুর ক্ষমতায়নকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমান। ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহৌসের সঙ্গে বৈঠকে এ বিষয়ে পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
বুধবার অনুষ্ঠিত বৈঠককে ফলপ্রসূ উল্লেখ করে খলিলুর রহমান বলেন, নারী ও কন্যাশিশুর ক্ষমতায়ন এবং লিঙ্গসমতার লক্ষ্যকে সামনে রেখে ইউএন উইমেনের সঙ্গে ভবিষ্যতে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে তিনি আগ্রহী।
বৈঠকের বিষয়টি নিয়ে সিমা বাহৌসও সামাজিক যোগাযোগমাধ্যমে বার্তা দেন। তিনি ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করায় খলিলুর রহমানকে অভিনন্দন জানান এবং নারী অধিকার ও ক্ষমতায়নের প্রতি তাঁর অঙ্গীকারের কথা উল্লেখ করেন।
ইউএনজিএ-৮১-এর আলোচনায় বৈশ্বিক আস্থা পুনর্গঠন, পরিবর্তন মোকাবিলা এবং সবার জন্য কার্যকর জাতিসংঘ গড়ে তোলার পাশাপাশি নারী ও কন্যাশিশুর অধিকার, লিঙ্গসমতা ও ক্ষমতায়নের বিষয়গুলোও গুরুত্ব পাচ্ছে।
বৈঠকটি এসব বিষয়ে ইউএনজিএ সভাপতির কার্যালয় ও ইউএন উইমেনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদারের সম্ভাবনাকে সামনে এনেছে।






