রাবিতে ইন্দোনেশীয় দূতাবাসের প্রতিনিধিদল, শিক্ষা-গবেষণায় সহযোগিতার আশ্বাস

গবেষণা ও বিদ্যায়তনিক সহযোগিতা সম্প্রসারণে পারস্পরিক আগ্রহ; আরও যোগাযোগের আশ্বাস ইন্দোনেশীয় প্রতিনিধিদলের।

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য ও উপ-উপাচার্যদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকাস্থ ইন্দোনেশীয় দূতাবাসের প্রতিনিধিদল।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর কনফারেন্স কক্ষে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ইন্দোনেশীয় দূতাবাসের রাজনৈতিক বিষয়ক মিনিস্টার কাউন্সেলর (পলিটিক্যাল) আহমদ সায়ফুদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল রাবির উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম এবং উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদের সঙ্গে সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উচ্চশিক্ষা ও গবেষণাসহ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

এ সময় রাবির উপাচার্য ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। ইন্দোনেশীয় প্রতিনিধিদল উপাচার্যের এ আগ্রহকে স্বাগত জানিয়ে ভবিষ্যতে এ বিষয়ে আরও যোগাযোগ ও সহযোগিতার উদ্যোগ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যায়তনিক সহযোগিতা গড়ে তোলার উপযোগী অবকাঠামো ও প্রয়োজনীয় সুবিধা রয়েছে।

এসব সুযোগ কাজে লাগিয়ে ইন্দোনেশিয়ার সঙ্গে শিক্ষা ও গবেষণাক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আগ্রহ রয়েছে।

সাক্ষাৎকালে কৃষি অনুষদের অধিকর্তা প্রফেসর মো. আরিফুর রহমান, প্রক্টর প্রফেসর মো. মাহবুবর রহমান, ছাত্র-উপদেষ্টা প্রফেসর এ এইচ এম খুরশীদ আলম, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, আইসিটি সেন্টারের ভারপ্রাপ্ত পরিচালক প্রফেসর মো. হাসনাত কবীর, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক প্রফেসর মুহাম্মদ সাজ্জাদুর রহিম এবং সহকারী পরিচালক প্রফেসর মো. আতিকুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

ইন্দোনেশীয় দূতাবাসের প্রতিনিধিদলে আরও ছিলেন সেকেন্ড সেক্রেটারি (সোশিও-ইকনমিক) নূরকারিম, নূর হাম্মামুর রিজকি রত্নানিংতিয়াস, সিতি আয়ু প্রামেস্বরি এবং উইকাকসনো আরিয়েফ বাসুকি।

সাক্ষাৎ ও মতবিনিময় শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইন্দোনেশীয় প্রতিনিধিদলের সদস্যদের হাতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক ক্রেস্ট তুলে দেন।