তিন নায়িকায় ‘রকস্টার’ মাতাচ্ছেন শাকিব

দ্বিতীয় টিজারে রহস্য, রোমান্স ও আবেগে বাড়ল দর্শকের কৌতূহল।
টুইট ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘রকস্টার’ চলচ্চিত্রের দ্বিতীয় টিজার প্রকাশের পর নতুন করে আলোচনায় উঠে এসেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। প্রথম টিজারে কেবল রকস্টার চরিত্রের উন্মাদনা দেখা গেলেও এবার উঠে এসেছে তার ব্যক্তিগত জীবনের জটিলতা, ভালোবাসা, একাকিত্ব ও সম্পর্কের টানাপোড়েনের নানা ইঙ্গিত।
নতুন টিজারে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তিন নায়িকার উপস্থিতি। সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক,এই তিন ভিন্ন চরিত্রকে ঘিরেই নির্মিত হয়েছে রহস্যের আবহ। বিশেষ করে শাকিব খানের বাইকের পেছনে সাবিলা নূরের কয়েক সেকেন্ডের উপস্থিতিই দর্শকমহলে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।
চলচ্চিত্রটিতে এটি মিথিলার প্রথম বাংলাদেশি সিনেমা। এর আগে তাঁকে বলিউডের ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল। অন্যদিকে ‘তাণ্ডব’-এর পর আবারও শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন সাবিলা নূর। টিজারে তাঁর গ্ল্যামারাস উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে শক্তিশালী এক চরিত্রের।
টিজারের অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে ‘নো ওয়ান লাভস মি’ গানের আবহ। লম্বা চুল, মঞ্চকাঁপানো পারফরম্যান্স আর তারকাখ্যাতির আড়ালে ভেঙে পড়া এক মানুষের মানসিক সংকট ফুটে উঠেছে এতে। নির্মাতারা বলছেন, এটি কেবল সংগীতনির্ভর চলচ্চিত্র নয়; বরং খ্যাতির আড়ালের নিঃসঙ্গতার গল্পও।
‘রকস্টার’ পরিচালনা করেছেন আজমান রুশো। সান মোশন পিকচার্স লিমিটেড ও পিনহুইল ফিল্মসের ব্যানারে নির্মিত এ চলচ্চিত্রটি মুক্তির পর চরকিতে প্রদর্শিত হওয়ার কথাও রয়েছে।
দ্বিতীয় টিজার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের আগ্রহ কয়েক গুণ বেড়েছে।
বিশেষ করে শাকিব খানের সঙ্গে তিন নায়িকার রসায়ন বড় পর্দায় কেমন দাঁড়ায়, তা নিয়েই এখন সিনেমাপ্রেমীদের প্রধান আলোচনা।






