সারা দেশে তরুণ শিল্পী খোঁজে নজরুলসংগীত প্রতিযোগিতা

‘আয়োজনের ঘোষণা, সারা দেশ থেকে খোঁজা হবে তরুণ শিল্পী। ২৪ মে থেকে নিবন্ধন শুরু, ঢাকায় গ্র্যান্ড ফিনালে বিজয়ীদের জন্য অর্থ পুরস্কার ও সম্মাননা।
টুইট ডেস্ক: রাজধানীর বেঙ্গল ফাউন্ডেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সারা দেশ থেকে তরুণ শিল্পী খুঁজে বের করার লক্ষ্যে একটি নজরুলসংগীতভিত্তিক প্রতিযোগিতার ঘোষণা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি ও সংগীতশিল্পী সাদিয়া আফরিন মল্লিক জানান, আগামী ২৪ মে থেকে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন কার্যক্রম শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।
১৫ থেকে ২৫ বছর বয়সী আগ্রহী প্রতিযোগীরা এতে অংশ নিতে পারবেন।
আয়োজকদের মতে, বর্তমানে আধুনিক গানের প্রভাবের কারণে নজরুলসংগীতচর্চা তুলনামূলকভাবে কমে যাচ্ছে। এই বাস্তবতায় তরুণ প্রজন্মের মধ্যে নজরুলসংগীতের প্রতি আগ্রহ সৃষ্টি এবং মঞ্চভিত্তিক পরিবেশনা সংস্কৃতি জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। দেশের আটটি বিভাগ থেকে বাছাই করা প্রতিযোগীদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ীকে ২০ হাজার টাকা, সনদ ও ক্রেস্ট প্রদান করা হবে। পাশাপাশি প্রথম ও দ্বিতীয় রানারআপের জন্যও থাকছে অর্থ পুরস্কার ও সম্মাননা স্মারক।
বিচারক প্যানেলে সংগীত ও নজরুলসংগীত অঙ্গনের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন অধ্যাপক অসিত রায়, নজরুলসংগীতশিল্পী ইয়াসমিন মুশতারী ও সংগীতশিল্পী প্রিয়াঙ্কা গোপ। নির্বাচন প্যানেলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন সুমন চৌধুরী।
সংবাদ সম্মেলনের শুরুতে প্রয়াত সংগীতশিল্পী ডালিয়া নওশীনকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত পরিবেশন করেন।






