‘অবশেষে তুমি এলে’

ফুল, ভালোবাসা ও স্বপ্নের আবেগে তৌসিফ-পায়েলের নতুন নাটক

টুইট প্রতিবেদক: রোমান্টিক আবহ ও পারিবারিক আবেগের মিশেলে নির্মিত নতুন নাটক ‘অবশেষে তুমি এলে’ নিয়ে দর্শকের সামনে হাজির হয়েছেন তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল। মুক্তির পর থেকেই নাটকটি অনলাইন দর্শকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

জাগো এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মিত নাটকটি পরিচালনা করেছেন সেলিম রেজা। গল্প ও চিত্রনাট্য রচনা করেছেন পারভেজ ইমাম। গত বৃহস্পতিবার প্রযোজনা প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে নাটকটি প্রকাশ করা হয়।

নাটকের কাহিনির কেন্দ্রে রয়েছে সালমান নামের এক তরুণ। বাবার রেখে যাওয়া ফুলের দোকান পরিচালনা করলেও তার স্বপ্ন ছোট গণ্ডি পেরিয়ে নাট্যজগতের বড় তারকা হওয়া। ফুলের প্রতি তার গভীর ভালোবাসা জীবনের সঙ্গে জড়িয়ে যায় নতুন এক অনুভূতিতে, যখন এক তরুণী ফুল কিনতে এসে অজান্তেই জায়গা করে নেয় তার হৃদয়ে। পরিচয় থেকে সম্পর্ক, স্বপ্ন থেকে বাস্তবতা— নানা আবেগঘন বাঁকে এগিয়ে যায় নাটকের গল্প।

পরিচালক সেলিম রেজা জানান, নাটকটি মূলত রোমান্টিক ট্র্যাজেডি ঘরানার হলেও এতে পারিবারিক সম্পর্ক ও মানবিক অনুভূতির বিষয়গুলো বিশেষ গুরুত্ব পেয়েছে। দর্শকদের আবেগ ছুঁতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তুটিয়া ইয়াসমিন পাপিয়া, ডিকন নূর, আশরাফুল আলম সোহাগ, নিজাম উদ্দিন তামুর ও ফারুক আহমেদ। বিশেষ উপস্থিতিতে দেখা যাবে বরেণ্য অভিনেতা আবুল হায়াত-কে।

নাটকটির আবেগঘন আবহকে আরও সমৃদ্ধ করেছে ‘ছুঁয়ে থাকো আমায়’ শিরোনামের গান। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন কাওসার খান।

গানটিতে কণ্ঠ দিয়েছেন শাওন গানওয়ালা ও অবন্তী ।