সন্তান নয়, কুকুরই ভালো সঙ্গী? শেফালি শাহর মন্তব্যে আলোচনা

বিয়ে ও মাতৃত্ব নিয়ে সামাজিক চাপে খোলামেলা বলিউড অভিনেত্রী শেফালি শাহ।
টুইট প্রতিবেদক: বলিউড অভিনেত্রী শেফালি শাহ বিয়ে, সম্পর্ক ও মাতৃত্ব নিয়ে সমাজের প্রচলিত মানসিকতার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান জানিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছেন। সম্প্রতি কানাডিয়ান ইউটিউবার ও উপস্থাপক লিলি সিং–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, সমাজে সন্তান নেওয়ার যে চাপ তৈরি করা হয়, তার চেয়ে একটি কুকুর পোষা অনেক বেশি শান্তি ও নিঃশর্ত ভালোবাসা দিতে পারে।
সাক্ষাৎকারে তরুণীদের উদ্দেশে শেফালি বলেন, কম বয়সে তাড়াহুড়ো করে বিয়ে করা উচিত নয়। তার ভাষায়, সঠিক মানুষ এবং মানসিক পরিপক্বতার জন্য অপেক্ষা করা জরুরি। তিনি মনে করেন, বিয়ে শুধুমাত্র সামাজিক আনুষ্ঠানিকতা নয়; এটি বোঝাপড়া, ধৈর্য ও পারস্পরিক সম্মানের দীর্ঘ যাত্রা।
মাতৃত্ব ও সামাজিক প্রত্যাশা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অভিনেত্রী বলেন, সমাজ নারীদের ওপর এক ধরনের অদৃশ্য চাপ তৈরি করে,বিয়ে করতে হবে, সন্তান নিতে হবে। এই প্রসঙ্গেই তিনি রসিকতার ছলে মন্তব্য করেন, “বাচ্চা নেওয়ার চেয়ে কুকুর পোষা ভালো। কারণ কুকুরই একমাত্র প্রাণী, যারা মানুষকে নিঃশর্ত ভালোবাসা দেয়।”
তার এই বক্তব্য ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত মত প্রকাশের সাহসী উদাহরণ হিসেবে দেখছেন, আবার কেউ সমালোচনাও করছেন।
ব্যক্তিগত জীবনে শেফালি শাহ প্রথমে টেলিভিশন অভিনেতা হর্ষ ছায়া–কে বিয়ে করেছিলেন। চার বছর পর তাদের বিচ্ছেদ ঘটে। পরে ২০০০ সালে তিনি চলচ্চিত্র নির্মাতা বিপুল অমৃতলাল শাহ–এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির আর্যমান ও মৌর্য নামে দুই সন্তান রয়েছে।
অভিনেত্রীর পরিবারে রয়েছে ‘অ্যাশ’ ও ‘সিম্বা’ নামের দুটি পোষা কুকুরও, যাদের তিনি নিজের সন্তানের মতোই স্নেহ করেন।






