‘তুমি আসবে বলে’ নিয়ে এলেন শরীফ-স্বরলিপি

হাবিব মোস্তফার কথায় ঈদ উপলক্ষে প্রকাশ পেল নতুন দ্বৈতগান।

টুইট প্রতিবেদক: ঈদুল আজহাকে সামনে রেখে নতুন দ্বৈতগান নিয়ে হাজির হয়েছেন প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী শরীফ ও জনপ্রিয় শিল্পী স্বরলিপি। ‘তুমি আসবে বলে’ শিরোনামের গানটি ইতোমধ্যে প্রকাশিত হয়েছে ‘তিন তার’-এর ইউটিউব চ্যানেলে। গানটির কথা ও সুর করেছেন হাবিব মোস্তফা, সংগীতায়োজন করেছেন অণু মোস্তাফিজ। আর ভিডিও নির্মাণ করেছেন ইব্রাহিম খলিল।

সাম্প্রতিক সময়ে দেশ ও দেশের বাইরের পরিচিত শিল্পীদের সঙ্গে একাধিক দ্বৈতগানে কণ্ঠ দিয়ে আলোচনায় আসেন শরীফ। সেই ধারাবাহিকতায় স্বরলিপির সঙ্গে তার নতুন এই গানটি প্রকাশের পর সংগীতপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে। গানটির ভিডিওতেও মডেল হয়েছেন শরীফ ও স্বরলিপি।

গানটি নিয়ে গীতিকার ও সুরকার হাবিব মোস্তফা বলেন, শরীফের কণ্ঠে আলাদা এক ধরনের মায়া রয়েছে এবং তার উচ্চারণও শ্রুতিমধুর। অন্যদিকে স্বরলিপির গায়কী ইতোমধ্যেই শ্রোতাদের কাছে সমাদৃত। তাই ‘তুমি আসবে বলে’ গানটির কথা ও সুর তৈরির সময় বিশেষ যত্ন নেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, গানটি শ্রোতাদের হৃদয়ে ভালোবাসার আবেগ ছড়িয়ে দিতে সক্ষম হবে।

কণ্ঠশিল্পী শরীফ বলেন, ভালোবাসার অনুভূতি ভাষায় সম্পূর্ণ প্রকাশ করা যায় না। সেই অনুভূতিকে সুরের মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি। একই সঙ্গে স্বরলিপির অংশগ্রহণ গানটিকে আরও সমৃদ্ধ করেছে বলেও মন্তব্য করেন এই শিল্পী।

অন্যদিকে স্বরলিপির ভাষ্য, সহজ কথার সঙ্গে মিষ্টি সুর ও পরিচ্ছন্ন সংগীতায়োজনের কারণে গানটি শ্রোতাদের সহজেই আকৃষ্ট করবে। তিনি বলেন, গানটির মধ্যে এমন এক আবেগ রয়েছে, যা শুনলেই অনেকেই গুনগুন করে গেয়ে উঠবেন।

ঈদের আনন্দকে আরও রাঙিয়ে তুলতেই শ্রোতাদের জন্য এই গান উপহার দেওয়া হয়েছে।