আনুশকাকে ঘিরে নতুন বিতর্ক

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরেই চেহারা বদলের আলোচনায় বলিউড অভিনেত্রী।

টুইট প্রতিবেদক: দীর্ঘদিন আড়ালে থাকার পর আবারও ক্যামেরার সামনে হাজির হয়েছেন বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা । তবে প্রত্যাবর্তনের আনন্দের পাশাপাশি এবার তাকে ঘিরে শুরু হয়েছে নতুন বিতর্ক। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সাম্প্রতিক উপস্থিতি নিয়ে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্বামী বিরাট কোহলি ও দুই সন্তানকে নিয়ে বর্তমানে লন্ডনেই বেশি সময় কাটাচ্ছেন আনুশকা। সংসার ও ব্যক্তিগত জীবনকে প্রাধান্য দেওয়ায় গত কয়েক বছরে রূপালি পর্দা থেকে প্রায় সম্পূর্ণ দূরেই ছিলেন তিনি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জিরো। সিনেমার পর আর নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি এই অভিনেত্রীকে।

সম্প্রতি একটি বিজ্ঞাপনী প্রচারণায় অংশ নিয়ে ফের আলোচনায় আসেন আনুশকা। সবুজ পোশাক, হালকা সাজ ও সংযত উপস্থিতিতে তিনি ধরা দিলেও অনেক দর্শকের নজর গেছে তার পরিবর্তিত চেহারার দিকে। সামাজিক মাধ্যমে কেউ কেউ মন্তব্য করেছেন, অভিনেত্রীর মুখে বয়সের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। আবার অনেকে দাবি করেছেন, তার মুখাবয়বে আগের তুলনায় উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে।

এরই মধ্যে পুরোনো প্লাস্টিক সার্জারি ও ফিলার–সংক্রান্ত বিতর্কও নতুন করে সামনে এসেছে। নেটিজেনদের একাংশের অভিযোগ, আনুশকার বর্তমান চেহারায় কৃত্রিম পরিবর্তনের প্রভাব স্পষ্ট। যদিও এসব সমালোচনার বিপরীতে অভিনেত্রীর ভক্তরা বলছেন, দীর্ঘ সময় পর প্রিয় তারকাকে আবার পর্দায় দেখতে পাওয়াটাই বড় বিষয়।

বলিউড অঙ্গনের বিশ্লেষকদের মতে, দীর্ঘ বিরতির পর কোনো তারকার প্রত্যাবর্তনে দর্শকদের বাড়তি কৌতূহল থাকেই। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমের যুগে তারকাদের ব্যক্তিগত পরিবর্তনও দ্রুত আলোচনার কেন্দ্রে চলে আসে। আনুশকার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।