কান উৎসবে প্যাস্টেল আভায় আলিয়া

ফরাসি রিভিয়ারায় মোহময় উপস্থিতিতে নজর কাড়লেন বলিউড তারকা।
বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন ক্যানেনস ফ্লিম ফেস্টিভ্যালসের ৭৯তম আসর শুরু হতেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আলিয়া ভাট। ফ্রান্সের দক্ষিণ উপকূলে অনুষ্ঠিত এই বর্ণিল উৎসবে প্যাস্টেল রঙের অভিজাত গাউনে হাজির হয়ে নতুন করে মুগ্ধতা ছড়িয়েছেন বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রী।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একগুচ্ছ ছবিতে আলিয়াকে দেখা যায় ফ্লোরাল নকশার প্যাস্টেল শেডের দীর্ঘ গাউনে। সমুদ্রতীরের নীল জলরাশি, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া এবং স্নিগ্ধ সাজে তার উপস্থিতি যেন উৎসবের গ্ল্যামারে ভিন্ন মাত্রা যোগ করেছে। হালকা প্রসাধন ও পরিমিত চুলের সাজে তাকে দেখাচ্ছিল অনন্য আভিজাত্যে ভরপুর।
কান সৈকতে তোলা বিভিন্ন ছবিতে কখনো প্রাণখোলা হাসিতে, আবার কখনো গম্ভীর অভিব্যক্তিতে ক্যামেরাবন্দি হয়েছেন এই অভিনেত্রী। প্রতিটি ছবিতেই আত্মবিশ্বাসী ও মায়াবী উপস্থিতি স্পষ্ট হয়ে উঠেছে। নেটিজেনরাও তার ফ্যাশনবোধ ও সৌন্দর্যের প্রশংসায় সরব হয়েছেন।
বিশেষ করে প্যাস্টেল রঙের পোশাকে আলিয়ার উপস্থিতিকে অনেকেই “রাজকীয়” বলে আখ্যা দিচ্ছেন। উন্মুক্ত আকাশ আর সমুদ্রের ঢেউয়ের পটভূমিতে ধারণ করা মুহূর্তগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, এবারের ক্যানেনস ফ্লিম ফেস্টিভ্যালস চলবে আগামী ২৩ মে পর্যন্ত। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র নির্মাতা, সমালোচক ও তারকাদের উপস্থিতিতে মুখরিত এই আয়োজনের সমাপনী দিনে ঘোষণা করা হবে মর্যাদাপূর্ণ ‘পাম দ’র’ পুরস্কার। আর সেই জৌলুসময় আসরে আলিয়া ভাটের উপস্থিতি ইতোমধ্যেই ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।






