নকল বিতর্কে ফের নোরা

‘বডি রোল’ ঘিরে তুমুল সমালোচনা, অনুপ্রেরণা নাকি সরাসরি অনুকরণ প্রশ্ন দর্শকদের।

টুইট প্রতিবেদক: বলিউড অভিনেত্রী নোংরা ফতেহ আবারও বিতর্কের কেন্দ্রে। অশালীনতার অভিযোগে আগের সমালোচনার রেশ না কাটতেই এবার তাঁর নতুন গান ‘বডি রোল’ ঘিরে উঠেছে নকলের অভিযোগ।

সামাজিক যোগাযোগমাধ্যমে বহু দর্শক দাবি করছেন, গানটির দৃশ্যপট ও শৈল্পিক উপস্থাপনায় জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ লাভ,ডেথ,সরো–এর আলোচিত পর্ব ‘জিবারো’র সঙ্গে বিস্ময়কর মিল রয়েছে।

গত শনিবার ইউটিউবে মুক্তি পাওয়া ‘বডি রোল’ গানে নোরার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ইয়ো ইয়ো হানি। প্রকাশের পর কয়েক দিনের মধ্যেই গানটি কোটি দর্শকের নজরে আসে। তবে প্রশংসার পাশাপাশি শুরু হয় তীব্র সমালোচনা ও তুলনা।

ভিডিওতে দেখা যায়, গয়নায় মোড়া এক রহস্যময় নারী হ্রদ থেকে উঠে এসে এক যোদ্ধাকে আকৃষ্ট করার চেষ্টা করছেন। সোনালি পোশাক, ভারী অলংকার, জঙ্গলে ঘেরা আবহ এবং ক্যামেরার রহস্যময় উপস্থাপনা অনেক দর্শকের কাছে ‘জিবারো’ পর্বের দৃশ্যকেই মনে করিয়ে দেয়। ওই পর্বেও অলংকারে মোড়া এক রহস্যময় নারী চরিত্রকে ঘিরেই নির্মিত হয়েছিল পুরো কাহিনি।

সামাজিক মাধ্যমে অনেকে সরাসরি অভিযোগ তুলেছেন, এটি কেবল অনুপ্রেরণা নয়; বরং দৃশ্য বিন্যাস, পোশাক পরিকল্পনা ও চিত্রধারণের ভাষায় রয়েছে স্পষ্ট অনুকরণের ছাপ। ইউটিউব ও ইনস্টাগ্রামের মন্তব্যঘরে কেউ লিখেছেন, “এটি পুরোপুরি ‘জিবারো’র অনুকরণ।” আবার কেউ মন্তব্য করেছেন, “মৌলিকতার সংকটে ভুগছে বলিউড।”

তবে ভিন্ন মতও রয়েছে। একাংশের দর্শকের দাবি, বিশ্বজুড়ে নির্মাতারা বিভিন্ন শিল্পকর্ম থেকে অনুপ্রাণিত হন, তাই মিল থাকলেই তাকে নকল বলা যায় না। কিন্তু সমালোচকেরা বলছেন, মূল কাজের প্রতি কোনো স্বীকৃতি বা উল্লেখ না থাকায় বিতর্ক আরও তীব্র হয়েছে।

এর আগেও নোংরা ফাতেহি সমালোচনার মুখে পড়েছিলেন ‘কেডি: দ্য ডেভিল’ ছবির ‘সরকে চুনর তেরি সরকে’ গান নিয়ে। ওই গানের নাচ ও গীতিকে অশালীন আখ্যা দিয়ে ভারতজুড়ে বিতর্ক তৈরি হলে পরে সংশ্লিষ্টদের ক্ষমা চাইতে হয়। সেই ঘটনার পর নতুন এই অভিযোগ তাঁর ক্যারিয়ারে আরও এক বিতর্কিত অধ্যায় যোগ করল বলেই মনে করছেন বিশ্লেষকেরা।

এদিকে ‘বডি রোল’ বিতর্ক নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নোরা কিংবা ইয়ো ইয়ো হানি সিং। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই।

বিনোদন বিশ্লেষকদের মতে, ডিজিটাল যুগে আন্তর্জাতিক কনটেন্ট দর্শকদের হাতের নাগালে চলে আসায় যেকোনো মিল সহজেই ধরা পড়ে যাচ্ছে। ফলে “অনুপ্রেরণা” ও “অনুকরণ” এই দুইয়ের সীমারেখা এখন আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি আলোচিত ও সংবেদনশীল হয়ে উঠেছে।