রুনা লায়লার মুগ্ধতায় তারিক আনাম, মঞ্চেই শিখলেন নাচ

৬২ বছরের সংগীতজীবন উদ্‌যাপনে আড়াই ঘণ্টার পরিবেশনা; একই মঞ্চে গান, আড্ডা ও নাচের মুহূর্ত।

সংগীতের কিংবদন্তি রুনা লায়লার সুরে মুগ্ধ অভিনয়শিল্পী তারিক আনাম খান। শুধু গান শুনেই মুগ্ধ হননি, গানের ফাঁকে মঞ্চে রুনা লায়লার কাছ থেকে নাচের কৌশলও শিখেছেন এই অভিনেতা। দুই গুণী মানুষের এমন আনন্দঘন মুহূর্ত দর্শকদের মধ্যেও ছড়িয়েছে বাড়তি উচ্ছ্বাস।

গত শুক্রবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো একই মঞ্চে হাজির হন রুনা লায়লা ও তারিক আনাম খান। একটি বেসরকারি ব্যাংকের আয়োজনে ‘সিক্স ডিকেডস অব রুনা লায়লা : লিগ্যাসি কন্টিনিউস’ শীর্ষক অনুষ্ঠানে উদ্‌যাপন করা হয় এই কিংবদন্তি শিল্পীর দীর্ঘ সংগীতজীবন।

অনুষ্ঠানে উপস্থাপকের দায়িত্ব পালন করেন তারিক আনাম খান। অন্যদিকে, গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন রুনা লায়লা। পাশাপাশি দুজনের কথোপকথনে উঠে আসে সংগীত, ব্যক্তিগত অভিজ্ঞতা ও নানা মজার গল্প।

অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের মুগ্ধতার কথা জানান তারিক আনাম খান। তিনি লেখেন, কোনো দিন রুনা লায়লার সঙ্গে একই মঞ্চে দাঁড়াবেন, কথা বলবেন কিংবা তাঁকে প্রশ্ন করার সুযোগ পাবেন, এমনটা ভাবেননি।

তারিক আনাম জানান, উপমহাদেশজুড়ে রুনা লায়লার অসংখ্য ভক্তের একজন তিনি। তবে শুধু তাঁর গানের নয়, শিল্পীর বুদ্ধিদীপ্ত রসবোধ ও রসিকতারও বড় ভক্ত এই অভিনেতা।

গান শোনা, জীবনের গল্প জানা এবং মজার কথার পাশাপাশি মঞ্চে রুনা লায়লার কাছ থেকে নাচও শিখেছেন তিনি। তারিক আনামের ভাষায়, রুনা লায়লা আজও গানে অনবদ্য, তাঁর রসবোধও অসাধারণ। প্রায় আড়াই ঘণ্টা একাই গান গেয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন এই শিল্পী।

রুনা লায়লার প্রতি শ্রদ্ধা জানিয়ে তারিক আনাম লেখেন, ছয় দশক ধরে গান গেয়ে চলেছেন তিনি, অথচ এখনো ক্লান্তিহীন। আরও ছয় দশক একইভাবে সংগীতের সঙ্গে কাটুক, এমন প্রত্যাশাও জানিয়েছেন অভিনেতা।

এদিকে নিজের ৬২ বছরের সংগীতজীবন উদ্‌যাপনের আয়োজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রুনা লায়লাও। তিনি জানান, সন্ধ্যাটি তাঁর জন্য ছিল অপূর্ব ও স্মরণীয়।

এমন সম্মাননা দেওয়ার জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে নতুন প্রজন্মের প্রতিভাবান কণ্ঠশিল্পী, সংগীতশিল্পী ও অন্যান্য শিল্পীদের সঙ্গে একই মঞ্চে অংশ নিতে পেরে আনন্দিত বলেও জানান রুনা লায়লা।

পাশাপাশি আয়োজক, অতিথি, দর্শক ও দীর্ঘদিনের সহকর্মীদের ধন্যবাদ জানান এই বরেণ্য শিল্পী।
সংগীত ও অভিনয়জগতের দুই কিংবদন্তির এই প্রথম মঞ্চ-সাক্ষাৎ তাই হয়ে উঠেছে বিশেষ এক সন্ধ্যা, যেখানে সুরের পাশাপাশি যোগ হয়েছিল আড্ডা, হাসি ও নাচের আনন্দ।