ওটিলিয়ার সঙ্গে একই মঞ্চে ফুয়াদ, কনসার্ট ২৭ নভেম্বর

চার বছর পর ফিরছেন রোমানিয়ান পপতারকা, একই মঞ্চে থাকছে ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।
টুইট প্রতিবেদক: চার বছর পর আবারও ঢাকার মঞ্চে গান শোনাতে আসছেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া। তাঁর এবারের পরিবেশনায় একই মঞ্চে থাকবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তাঁর ব্যান্ড।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজন করা হয়েছে এই বিশেষ সংগীতানুষ্ঠানের। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কনসার্টে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফুয়াদ।
অন্যদিকে, সম্প্রতি প্রকাশিত এক ভিডিওবার্তায় বাংলাদেশে ফেরার খবর জানিয়েছেন ওটিলিয়া। তিনি বলেন, দ্বিতীয়বারের মতো বাংলাদেশের দর্শকদের সামনে গান গাইতে তিনি মুখিয়ে আছেন। এবারের আয়োজন দর্শকদের জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন এই পপতারকা।
আগামী ২৭ নভেম্বর বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
এর আগে ২০২২ সালে প্রথমবারের মতো ঢাকায় সংগীত পরিবেশন করেছিলেন ওটিলিয়া। চার বছর পর তাঁর প্রত্যাবর্তন ঘিরে সংগীতপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে নতুন আগ্রহ।
ইতোমধ্যে অনলাইন টিকিট বিক্রির মাধ্যম টিকিফাইতে কনসার্টের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৬০০ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
বিদেশি পপসংগীতের জনপ্রিয় শিল্পী ও দেশীয় সংগীতের পরিচিত মুখ ফুয়াদের একই মঞ্চে উপস্থিতি এবারের আয়োজনকে বাড়তি আকর্ষণীয় করে তুলবে বলে আশা করছেন আয়োজকেরা।






