শ্রদ্ধাকে ফোন করে ক্ষমা চাইলেন সালমান

একই দিনে মুক্তি পাচ্ছে দুই তারকার সিনেমা ‘মাতৃভূমি’ ও ‘ইথা’; বিষয়টি আগে জানা থাকলে তারিখ পরিবর্তন করতেন বলে জানালেন সালমান।

টুইট প্রতিবেদক: বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান। পর্দার বাইরেও তাঁর প্রভাব ও জনপ্রিয়তা নিয়ে আলোচনা কম নয়। তবে এবার নিজের চেয়ে বয়সে ছোট অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের কাছে ফোন করে দুঃখ প্রকাশ করেছেন এই অভিনেতা। আর এর পেছনে রয়েছে দুই তারকার সিনেমা একই দিনে মুক্তির ঘটনা।

আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সালমান অভিনীত ‘মাতৃভূমি’ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’। একই দিনে দুই সিনেমা মুক্তির বিষয়টি সালমানের আগে জানা ছিল না। পরে বিষয়টি জানতে পেরে শ্রদ্ধাকে ফোন করে দুঃখ প্রকাশ করেন তিনি।

এ প্রসঙ্গে সালমান বলেন, ৪ ডিসেম্বর মুক্তির তারিখ ঘোষণা করার সময় তিনি জানতেন না, একই দিনে শ্রদ্ধার সিনেমাটিও মুক্তি পাবে। বিষয়টি জানার পর তাঁর খারাপ লেগেছে। আগে জানতে পারলে কখনোই শ্রদ্ধার সিনেমার সঙ্গে একই দিনে নিজের ছবি মুক্তি দিতেন না।

শ্রদ্ধাকে ফোন করে সালমান বলেন, ‘আমি সত্যিই খুব দুঃখিত, আমি জানতাম না।’ শ্রদ্ধাকে নিজের চোখের সামনে বড় হতে দেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। সালমানের ভাষ্য অনুযায়ী, শ্রদ্ধা বিষয়টি ইতিবাচকভাবেই নিয়েছেন।

এদিকে দর্শকদের প্রতি দুই সিনেমাই দেখার আহ্বান জানিয়েছেন সালমান। একই দিনে মুক্তি পেলেও দুটি ছবির প্রতিই দর্শকদের সমর্থন প্রত্যাশা করছেন তিনি।
উল্লেখ্য, সালমানের ‘মাতৃভূমি’ সিনেমাটির নাম শুরুতে ছিল ‘ব্যাটল অব গালওয়ান’। ভারত ও চীনের কূটনৈতিক জটিলতার প্রেক্ষাপটে পরে নাম পরিবর্তন করা হয়।

দীর্ঘদিন ভারতের চলচ্চিত্র সনদ বোর্ডে আটকে থাকার পর অবশেষে মুক্তির অপেক্ষায় রয়েছে সিনেমাটি।

অন্যদিকে শ্রদ্ধা কাপুর অভিনীত ‘ইথা’ নির্মিত হয়েছে প্রখ্যাত মরাঠি লোকশিল্পী বিঠাবাঈ ভাঊ মাঙ্গ নারায়ণগাওকরের জীবন অবলম্বনে। লক্ষ্মণ উটেকর পরিচালিত সিনেমাটিতে শ্রদ্ধার পাশাপাশি অভিনয় করেছেন রণদীপ হুদা ও জিশান আইয়ুব। ছবিটির প্রচারচিত্র ইতোমধ্যে দর্শক ও সমালোচকদের প্রশংসা পেয়েছে।

দুই তারকার সিনেমা একই দিনে মুক্তি পাওয়ায় বক্স অফিসে প্রতিযোগিতা কেমন হয়, এখন সেটিই দেখার অপেক্ষা।