বিএনপি নেতাকে কুপিয়ে জখম, মহাসড়ক অবরোধ

উখিয়ায় হামলায় গুরুতর আহত ইউনিয়ন বিএনপির সদস্যসচিব; চার স্থানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, বন্ধ যান চলাচল।

টুইট প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ায় পালংখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব নুরুল আমিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাঁকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে অবরোধ করেছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিএনপি সূত্রের দাবি, থাইংখালী এলাকার বাসিন্দা ও যুবলীগ নেতা মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল নুরুল আমিনের ওপর হামলা চালায়। এ সময় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁর মাথায় একাধিক কোপ দেওয়া হয়। হামলায় ক্যাম্পে আশ্রিত কয়েকজন সশস্ত্র রোহিঙ্গার অংশগ্রহণের অভিযোগও উঠেছে।

পালংখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট রেজাউল করিম রেজা জানান, নুরুল আমিনের মাথায় ধারালো অস্ত্র দিয়ে চার থেকে পাঁচটি কোপ দেওয়া হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে ‘ও’ নেগেটিভ রক্তের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন।

উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী অভিযোগ করেন, নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা এ হামলার সঙ্গে জড়িত। তিনি ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে হামলার খবর ছড়িয়ে পড়ার পর রাতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পালংখালী স্টেশন, থাইংখালী ও উখিয়া সদরসহ কক্সবাজার-টেকনাফ মহাসড়কের অন্তত চারটি স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। রাত ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান হামলার ঘটনা নিশ্চিত করে জানান, সন্ত্রাসী হামলায় একজন বিএনপি নেতা গুরুতর আহত হয়েছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।