জামায়াতের আমির মিথ্যাচার করছেন, অভিযোগ রাশেদ খাঁনের

জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর

টুইট ডেস্ক : জামায়াতের আমিরের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মিথ্যা বক্তব্য দেওয়ার অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে জামায়াত ও আওয়ামী লীগ মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত বিনা মূল্যের চিকিৎসা শিবিরের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন রাশেদ খাঁন।

তিনি বলেন, জামায়াতের নেতারা তাঁদের আমিরকে দরবেশ মনে করতে পারেন। তবে তাঁর অভিযোগ, জামায়াতে যোগ দেওয়ার পরও আমিরের বক্তব্যে মিথ্যাচার বন্ধ হয়নি। এ সময় জামায়াতের আমিরের রাজনৈতিক অতীত নিয়েও সমালোচনা করেন তিনি।

রাশেদ খাঁনের দাবি, ১৯৮৬ ও ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিল জামায়াত। বর্তমানে আবারও দল দুটির মধ্যে সমঝোতা হয়েছে এবং তারা বিএনপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এসব রাজনৈতিক তৎপরতা মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে স্নাইপার দিয়ে হত্যার হুমকি দেওয়ার প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। তাঁর মতে, ওই ঘটনার পেছনে বিরোধী দলের কোনো উসকানি ছিল কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। বিরোধী দলের উসকানিমূলক বক্তব্য ও বিতর্কিত অবস্থান ওই যুবককে এমন মন্তব্যে উৎসাহিত করে থাকতে পারে বলেও দাবি করেন তিনি।

অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।