সোমালিয়ায় বন্যার শঙ্কা, তিন মাসে বাস্তুচ্যুত হতে পারেন প্রায় ৯ লাখ মানুষ

অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ৮ লাখ ৭৪ হাজার মানুষের বাস্তুচ্যুতির আশঙ্কা; প্রস্তুতির অর্থায়নে বড় ঘাটতি
টুইট ডেস্ক : সোমালিয়ায় ভারী বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির কারণে আগামী তিন মাসে প্রায় ৮ লাখ ৭৪ হাজার মানুষ বাস্তুচ্যুত হতে পারেন। জাতিসংঘের অভিবাসন সংস্থা (আইওএম) ও ডেনিশ শরণার্থী পরিষদের যৌথ বিশ্লেষণে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য বাস্তুচ্যুতির ৯২ শতাংশের জন্য বন্যা দায়ী হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
বুধবার প্রকাশিত পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত সোমালিয়ায় ৮ লাখ ৭৪ হাজার ৩১৯ মানুষের বাস্তুচ্যুত হওয়ার ঝুঁকি রয়েছে। দীর্ঘদিনের খরা ও বারবার বাস্তুচ্যুতির সংকটে থাকা দেশটিতে নতুন করে বন্যার আশঙ্কা মানবিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশটিতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। এর সঙ্গে এল নিনোর সম্ভাব্য প্রভাব যুক্ত হলে বন্যার ঝুঁকি আরও বাড়তে পারে।
আইওএমের তথ্য অনুযায়ী, বেলেদওয়েইন ও গালকায়ো এলাকায় বাস্তুচ্যুতির আশঙ্কা সবচেয়ে বেশি। এসব এলাকায় যথাক্রমে প্রায় ২ লাখ ২৯ হাজার ও ৮২ হাজার মানুষ ঝুঁকিতে রয়েছেন।
সম্ভাব্য বন্যায় ঘরবাড়ি ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পানির উৎস দূষিত হতে পারে। এতে স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি সরবরাহ ও জরুরি সহায়তা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। খাদ্য, বাসস্থান ও বিশুদ্ধ পানির সংকটে থাকা মানুষের দুর্ভোগও বাড়তে পারে।
প্রস্তুতিতে অর্থের ঘাটতি
বন্যার আগাম প্রস্তুতি ও মোকাবিলায় প্রয়োজনীয় অর্থের বড় ঘাটতির কথা জানিয়েছে আইওএম। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ কার্যক্রমে ১ কোটি ৬৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার প্রয়োজন হলেও এখন পর্যন্ত পাওয়া গেছে মাত্র ১৪ দশমিক ৪ শতাংশ অর্থ।
পরিস্থিতি মোকাবিলায় আগাম সতর্কতা জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা এবং জরুরি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি। পাশাপাশি বিশুদ্ধ পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
সময়ে পর্যাপ্ত অর্থায়ন ও কার্যকর প্রস্তুতি নিশ্চিত করা না গেলে সম্ভাব্য বন্যা সোমালিয়ার ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে বড় ধরনের মানবিক সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।





