আ.লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধন করলেন এমপি মিতু

ঝালকাঠিতে মাসিক ১২ হাজার টাকা ভাড়া ও দুই লাখ টাকা অগ্রিমে কার্যালয় নিয়েছে এনসিপি; বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা

টুইট ডেস্ক : ঝালকাঠি পৌর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের মালিকানাধীন ভবনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার রাতে শহরের কোর্ট রোডের ওই ভবনের তৃতীয় তলায় কার্যালয়টির উদ্বোধন করেন এনসিপির কেন্দ্রীয় নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু।

এ সময় শহীদ ওসমান হাদীর বোন মাসুমা হাদী এবং এনসিপির ঝালকাঠি জেলা নেতারা উপস্থিত ছিলেন। ভবনটিতে আগে শহর আওয়ামী লীগের কার্যালয় ছিল। ভবনটি লিয়াকত আলী তালুকদার ও তাঁর ছেলে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম তালুকদারের মালিকানাধীন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ভবনটির মালিক লিয়াকত আলী তালুকদার জানান, তাঁর ছেলে মিঠু তালুকদার কার্যালয় ভাড়া দিয়েছেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করেন।

মিঠু তালুকদার জানান, মাসিক ১২ হাজার টাকা ভাড়া এবং দুই লাখ টাকা অগ্রিম নিয়ে এনসিপিকে কার্যালয়টি ভাড়া দেওয়া হয়েছে।

এনসিপির ঝালকাঠি জেলা সভাপতি প্রকৌশলী জাকির হোসেন বলেন, কার্যালয়ের জন্য উপযুক্ত জায়গা খুঁজে পেতে দলটিকে সমস্যায় পড়তে হচ্ছিল। পরে ভবনটির মালিকপক্ষ ভাড়া দিতে রাজি হওয়ায় তাঁরা সেখানে কার্যালয় নিয়েছেন। এ জন্য দুই লাখ টাকা অগ্রিম ও মাসিক ১২ হাজার টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ভবনটির মালিক ও তাঁর পরিবারের রাজনৈতিক পরিচয় এবং তাঁদের বিরুদ্ধে একাধিক মামলা থাকার বিষয়টি তুলে ধরে কার্যালয় ভাড়া দেওয়ার পেছনে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে কি না, জানতে চাইলে জাকির হোসেন বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না।

আওয়ামী লীগের সাবেক কার্যালয়ে এনসিপির নতুন কার্যালয় উদ্বোধনের ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনা চলছে।