লালমনিরহাট পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ, সবুজায়নের উদ্যোগ পুলিশের

পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চলমান কর্মসূচির অংশ হিসেবে চারা রোপণ

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে লালমনিরহাট পুলিশ লাইন্সে বৃক্ষের চারা রোপণ করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর ২০২৬) লালমনিরহাট জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে পুলিশ লাইন্সে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করেন লালমনিরহাট জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শাহাদত হোসেন সুমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ রওশন কবীর, পুলিশ লাইন্সের আরআই মোঃ মির্জা সাজ্জাদ আলমসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।

জেলা পুলিশ জানায়, চলমান এ কর্মসূচির লক্ষ্য শুধু বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি নয়; বরং পুলিশ লাইন্স এলাকায় একটি পরিবেশবান্ধব ও নান্দনিক পরিবেশ গড়ে তোলা। পর্যায়ক্রমে সবুজের সমারোহে পুরো পুলিশ লাইন্স আরও প্রাণবন্ত, দৃষ্টিনন্দন ও মনোরম হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।